Railway ক্লাউড ব্যবহার করে Gitea হোস্ট করুন: পেয়ে যান বিনামূল্যে ব্যক্তিগত গিট হোস্টিং
আপনার প্রজেক্টগুলো প্রদর্শনের জন্য গিটহাবের মত নিজের ব্যক্তিগত একটি সাইট থাকলে খুবই দারুণ হয়, তাই না? কিন্তু কে চায়, শুধু এই জন্য বাড়তি টাকা খরচ করতে? তবে যদি আমি বলি যে, আপনি আপনার নিজের গিট সার্ভিস বানাতে পারবেন, এবং সাথে নিজের ডোমেনও যুক্ত করতে পারবেন, সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, এটা সম্ভব। চিন্তা করবেন না! আপনার ক্রেডিট কার্ডেরও প্রয়োজন পড়বে না। কিভাবে করবেন তা জানতে পড়তে থাকুন। আমরা Railway ক্লাউড সার্ভিস ব্যবহার করে সেলফ-হোস্টেড গিট সল্যুশন Gitea হোস্ট করব।
Railway-তে Gitea হোস্ট করবেন কেন?
- কুল সেলফ-ব্র্যান্ডিং - আপনার নিজের গিট সাইট থাকাটা দারুণ সুন্দর ও পেশাদার দেখায়
- হালকা ও দ্রুত - Gitea খুব কম হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করে
- চমৎকার ফ্রি প্ল্যান - Railway-এর ফ্রি প্ল্যান খুবই উদার এবং Gitea চালানোর জন্য যথেষ্ট। তারা আপনাকে ফ্রি ট্রায়ালে প্রথম মাসে $5 ক্রেডিট দেবে। পাশাপাশি, আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করলে $20 ক্রেডিটও পেতে পারেন। এরপর থেকে প্রতি মাসে $1 পাবেন বিনামূল্যে।
- ক্রেডিট কার্ড লাগে না - Railway-র ফ্রি প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো এতে ক্রেডিট কার্ড প্রয়োজন হয় না
- AI বট ব্লক করতে পারবেন - আপনার নিজস্ব ডোমেইন থাকলে আপনি আপনার গিট সাইটে AI crawler ব্লক করতে পারবেন
Railway-তে Gitea হোস্ট করবেন যেভাবে
হোস্টিং প্রক্রিয়া
১. Railway হোমপেজে গিয়ে উপরের ডান কোণা থেকে Sign In ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট না থাকলেও এটা করতে হবে। সাইন ইন করার পরই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বোনাস $20 Railway ক্রেডিট পেতে নিশ্চিত করুন যে আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করছেন।
২. সাইন ইন করার পর, একটি নতুন Workspace তৈরি করুন।
৩. আপনার এনভায়রনমেন্টের ভিতরে, Add a Service ক্লিক করুন বা CTRL + K চাপুন। তারপর, Docker Image বাছাই করুন। ইমেজের নাম দিন: gitea/gitea:latest।
৪. এখন সার্ভিসটিতে রাইট ক্লিক করে Attach volume সিলেক্ট করুন। ভলিউমের মাউন্ট লোকেশন হিসেবে দিন /data।
৫. সবশেষে, ওপর থেকে Deploy ক্লিক করুন। আপনার একান্ত নিজের গিট সার্ভিসটি এবার তৈরি হতে শুরু করবে!
কাস্টম ডোমেইন (ঐচ্ছিক, কিন্তু উত্তম)
git.yourdomain.com এর মতো কাস্টম ডোমেইন ব্যবহার করলে আপনার গিট সাইটের কুলনেস বেড়ে যাবে। কিন্তু এর জন্য আপনার একটি ডোমেইন থাকতে হবে। Railway-র সেটিংসে কাস্টম ডোমেইন যুক্ত করতে:
-
আপনার সার্ভিস → Settings → Networking-এ যান
-
Public Networking সেকশনের নিচের অপশন থেকে আপনার কাস্টম ডোমেইন যুক্ত করুন। তারপর, আপনার ডোমেইনের DNS রেকর্ড কনফিগার করুন।
ব্যস! এখন, আপনার প্রজেক্টগুলো প্রদর্শনের জন্য একটি দারুণ git.yourdomain.com অ্যাড্রেস উপভোগ করুন! লিংকটি আপনার বন্ধুদের সাথে এবং আমাদের কমেন্ট সেকশনেও শেয়ার করতে ভুলবেন না!
⚠️ সতর্কতা: যখন আপনার ট্রায়াল শেষ হবে এবং আপনি ফ্রি প্ল্যানে থাকবেন, তখন কাস্টম ডোমেইন রিমুভ করবেন না। নাহলে আপনি আবার এটি যুক্ত করতে পারবেন না, কারণ ফ্রি প্ল্যানে কাস্টম ডোমেইন সাপোর্ট করে না!
নোট: যদি আপনার নিজস্ব ডোমেইন না থাকে, আপনি Generate Domain অপশন ব্যবহার করে ডোমেইন তৈরি করে নিতে পারেন। এটি *.railway.app সাবডোমেইন তৈরি করবে। Gitea Docker ইমেজে ব্যবহৃত ডিফল্ট পোর্ট হলো 3000। জিজ্ঞাসা করা হলে এটা দিন। আপনি চাইলে এই ডোমেইনটি এডিট করে আরও সুন্দর বানাতে পারেন।
প্রাথমিক কনফিগারেশন
১. যথাযথ লিংক ব্যবহার করে আপনার Gitea সাইটটি ভিজিট করুন। আপনি এখন একটি প্রাথমিক সেটআপ স্ক্রিন দেখতে পাবেন।
২. প্রথমে, Site Title পরিবর্তন করে একটি উপযুক্ত নাম দিন। যেমন, আমারটির নাম Khalid’s Git।
৩. Server Domain এবং Gitea Base URL পরিবর্তন করুন যদি ঠিক না থাকে।
৪. Server and Third-Party Service Settings সেকশনে নিচের কাজগুলি করুন:
- রিসোর্স ইউজ কমাতে Enable Local Mode অপশনের টিকচিহ্ন মুছুন
- যদি একাই ব্যবহার করতে চান, তবে Disable Self-Registration অপশনে টিক দিন
- Enable OpenID Sign-In অপশনের টিকচিহ্ন মুছুন
- Enable OpenID Self-Registration অপশনের টিকচিহ্ন মুছুন
বাকি সেটিংস ডিফল্টগুলোই ঠিক আছে। আপনার প্রয়োজন অনুযায়ী সেগুলো চালু/বন্ধ করুন।
৫. Administrator Account Settings সেকশনে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি যদি নিজের নামযুক্ত কাস্টম ডোমেইন ইউজ করে থাকেন, তাহলে ইউজারনেম হিসেবে নিজের নামের পরিবর্তে owner বা admin ব্যবহার করতে পারেন। নাহলে রিপোজিটরি লিংকগুলোতে আপনার নাম দুইবার দেখাবে।
৬. সবকিছু হয়ে গেলে, Install Gitea ক্লিক করুন। আপনার কনফিগারেশন /data/gitea/conf/app.ini লোকেশনে জমা হবে। সেখান থেকে আপনি এখানে কনফিগার করা সেটিংগুলোসহ অন্যান্য অপশনও পরিবর্তন করতে পারবেন।
পরামর্শ
১. Railway আপনার ব্যবহারের উপর ভিত্তি করে চার্জ করে। তাই, রিসোর্স ইউজ কম রাখার বিষয়টি নিশ্চিত করুন। শুধু আপনার গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোই এই সার্ভিসে হোস্ট করুন। $1 ক্রেডিট দিয়ে আপনি আসলে বেশি কিছু করতে পারবেন না। তাই, প্রয়োজন হলে সাবস্ক্রাইব করার বিষয়টি বিবেচনা করতে পারেন।
২. বট ট্র্যাফিক, বিশেষ করে AI বট নিয়ন্ত্রণ করুন। এগুলো অনেক রিসোর্স ব্যবহার করে এবং আপনার ক্রেডিট নষ্ট করে দিতে পারে। অতএব, সাবধান!
৩. আপনি গিটহাবের সাথে রিপোজিটরি মিরর করতে পারেন যদি আপনি তাদের সুবিধাগুলো মিস করতে না চান। Gitea উভয় ধরনের (pull/push) মিররই সাপোর্ট করে।
অভিনন্দন! এখন, আপনার নিজেরই একটি দারুণ গিট সাইট আছে!! Gitea ইন্টারফেস ঘুরে দেখুন, প্রয়োজন মতো কনফিগার করুন, এবং আপনার প্রথম রিপোজিটরিটি তৈরি করুন। আপনার গিট সাইটের লিংক কমেন্ট সেকশনে শেয়ার করুন যাতে আমি এবং খালিদের শেলের দর্শনার্থীরাও আপনার অসাধারণ প্রজেক্টগুলো সম্পর্কে জানতে পারে। যদি কখনো আটকে যান, তাহলে Gitea Docs দেখুন। আর আমি তো আছিই। যেকোন সমস্যায় আমার কাছেও সাহায্য চাইতে পারেন। আজ এপর্যন্তই। শীঘ্রই আরো একটি সুন্দর লেখা নিয়ে হাজির হবার চেষ্টা করব। অতএব, খালিদের শেলের সাথেই থাকুন। ধন্যবাদ!
← আর্টিকেল তালিকায় ফিরে যান
এই লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি কী?